দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনীরুজ্জামানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তথ্যমন্ত্রী প্রয়াতের আত্মার শান্তিকামনা করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। মন্ত্রী হাছান মাহমুদ তার শোকবার্তায় বলেন, গণমাধ্যম জগতে সাংবাদিক, কলামিস্ট, রাজনৈতিক বিশ্লেষক খন্দকার মুনীরুজ্জামানের অবদান স্মরণীয় হয়ে থাকবে। উল্লেখ্য, সাংবাদিক মুনীরুজ্জামান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আজ সকালে মারা যান। তার বয়স হয়েছিল ৭১ বছর। করোনা পজিটিভ হয়ে গত ৩১ অক্টোবর রাতে তিনি রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।
এক যুগ ধরে দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন তিনি। এর আগে সংবাদপত্রটির সম্পাদকীয় বিভাগের দায়িত্বে ছিলেন। খন্দকার মুনীরুজ্জামান ১৯৪৮ সালের ১২ মার্চ ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সময় সাংবাদিকতায় যুক্ত হন। একই সময়ে বাম ঘরানার রাজনীতিতেও যুক্ত ছিলেন। ১৯৭০ সালে সিপিবির মুখপত্র সাপ্তাহিক একতায় সাংবাদিকতা শুরু করেন মুনীরুজ্জামান। এর পর পাঁচ দশকে একাধিক সংবাদমাধ্যমে কাজ করেন তিনি। ২০১৯ সালে তিনি প্রেস কাউন্সিলের সদস্য মনোনীত হন। এ ছাড়া জাতীয় প্রেস ক্লাবসহ নানা পেশাদার সংগঠনের সদস্য ছিলেন।